টেকনাফে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে ৭ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী পর্যটন হোটেল নেটং সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকায় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।