মুষলধারে বৃষ্টির মধ্যেও আমানতের টাকা সুরক্ষার দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন একটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচি থেকে আমানতকারীরা তাদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা ও দ্রুত ফেরতের দাবি জানান।
মানববন্ধন চলাকালে দুপুর ১২টা ৪৫ মিনিটে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (Executive Director) হানিফ মিয়ার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করতে চার সদস্যের একটি প্রতিনিধি দলকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তাদের দাবি, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জানিয়েছেন, ব্যাংকে থাকা আমানত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং ইনশাআল্লাহ আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন।
এ সময় আরও জানানো হয়, ব্যাংকটিকে দেশের সর্ববৃহৎ সরকারি ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার উদ্যোগ চলছে। পাশাপাশি একীভূতকরণ প্রক্রিয়াও এগিয়ে চলছে। প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একীভূত হয়েছে এবং বাকি দুই ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হওয়ার কথা জানানো হয়েছে।
প্রতিনিধি দলের দাবি, অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ বিষয়ে ইতিবাচক ও আন্তরিক অবস্থানে রয়েছেন। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে আমানতকারীদের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। স্মারকলিপিটি বিশেষ সুপারিশসহ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান প্রতিনিধি দলের সদস্যরা।
আমানতকারীরা বলেন, চলমান সংকট থেকে উত্তরণে তাদের মধ্যে ঐক্য, ধৈর্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ব্যাংকের আশ্বাসের পর তারা দ্রুত সংকটের সমাধান এবং আমানতের অর্থ ফেরতের প্রত্যাশা করছেন।
মানববন্ধন ও প্রতিনিধি দলে সংশ্লিষ্টদের মধ্যে ছিলেন—মু. আবুল কালাম (সভাপতি), জাহাঙ্গীর হোসেন (সাধারণ সম্পাদক), জাহেদুল করিম কচি (সিনিয়র সহ-সভাপতি), খালেদ মোশাররফ (সহ-সভাপতি), শারমিন আক্তার (সহ-সভাপতি), আলাউদ্দীন আজাদ (অর্থ সম্পাদক) এবং আলীশাহ্ মো. নাজমুল হাসান (মুখপাত্র)।