কাপ্তাই রাস্তার মাথায় তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তদারকি কার্যক্রমে গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্টকে অতি অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য রান্না, প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ দই, বাসি গ্রিল ও রান্না করা মাংস বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, বাসি তরকারি এবং বিভিন্ন ধরনের মাংস অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে অনিরাপদভাবে সংরক্ষণের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, হাজির চুইঝাল ওরস বিরিয়ানি ও মেজবান বাড়িকে অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যদ্রব্য উৎপাদনে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তদারকি কার্যক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানগুলোর খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশগত স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করে।