চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া

চট্টগ্রামে অগ্নিনির্বাপণী মহড়া ও অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের মাল্টিপারপাস হলে এ মহড়া অনুষ্ঠিত হয়। কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের সমন্বয়ে আয়োজিত এ কার্যক্রমে চট্টগ্রাম আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

মহড়ায় অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসাধারণের দায়িত্ব ও করণীয় বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিকভাবে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সে বিষয়েও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার বিকেলে এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অগ্নিনিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।