চান্দগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসীর দুই সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. নাইম ইসলাম সাকিব (২৬) ও মো. রাহাত (২৪)। সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই হৃদয় মাহমুদ লিটন, এএসআই অসিত নাথ, এএসআই শাহ আলমসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মো. নাইম ইসলাম সাকিব ভোলার লালমোহন থানার চরভুতা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চান্দগাঁও থানাধীন শমসেরপাড়া ৭ নম্বর আবাসিক এলাকার খন্দকার বাড়ি পাখির মায়ের কলোনিতে বসবাস করছিলেন। অপর আসামি মো. রাহাত পুরাতন চান্দগাঁও এলাকায় রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নাইম ইসলাম সাকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় দ্রুত বিচার আইন এবং দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় পৃথক তিনটি মামলা রয়েছে। মামলাগুলো ২০২৫ সালের ২ ডিসেম্বর, ২০২৫ সালের ৭ মার্চ এবং ২০২৩ সালের ২৬ আগস্ট দায়ের করা হয়।

অন্যদিকে, মো. রাহাতের বিরুদ্ধেও পূর্বে চান্দগাঁও থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা রয়েছে। মামলাটি ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি দায়ের করা হয়েছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে চান্দগাঁও থানার ৭ আগস্ট ২০২৬ তারিখের ৫ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।