চুয়েটে ইইই বিভাগের সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় জীবন হচ্ছে জীবনের সবচেয়ে সোনালি সময়: চুয়েট ভিসি

 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেছেন, বিশ্ববিদ্যালয় জীবন হচ্ছে জীবনের সবচেয়ে সোনালি সময়। শিক্ষার্থীদের এই সময়কে জ্ঞান অর্জন, নিজেকে গড়ে তোলা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার কাজে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত একাডেমিক উৎকর্ষতা অর্জন। পড়াশোনায় মনোযোগী হয়ে জ্ঞান অর্জনের প্রতি আন্তরিক থাকলে এবং একাডেমিক এক্সিলেন্সের দিকে এগিয়ে গেলে প্রত্যেক শিক্ষার্থী একদিন একটি বড় প্রতিষ্ঠানের সমতুল্য হয়ে উঠতে পারবে।

রোববার (৯ আগস্ট) বিকেলে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে আয়োজিত ‘রিসার্চ অ্যান্ড টিচিং ইন এনার্জি সাসটেইনেবিলিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে স্পিকার ছিলেন অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনার্জির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি. এম. শফিউল্লাহ। এতে সভাপতিত্ব করেন চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই বিভাগের অধ্যাপক ড. রাশেদ মো. মুরাদ হাসান।

সেমিনারে অধ্যাপক ড. জি. এম. শফিউল্লাহ বলেন, এনার্জি গবেষণার মাধ্যমে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে সুরক্ষা পাওয়ার কার্যকর পথ খুঁজে বের করতে পারে। টেকসই জ্বালানি ব্যবস্থাপনা ও শিল্পের রূপান্তরে গবেষণার গুরুত্বও তিনি তুলে ধরেন।

সেমিনারে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।