চট্টগ্রামে স্থগিত এইচএসসি পরীক্ষা ২০ আগস্ট থেকে

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে সালের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী আগামী ২০ আগস্ট থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্র, ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর এসব বিষয়ের দ্বিতীয় পত্র, ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র ও প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।

পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে।

গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলমান ছিল।