চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন নীল রঙের খোলা পিকআপ জব্দ করা হয়।
বুধবার (৫ আগস্ট) কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নুরের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে। অভিযানে পাথরঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) কাজী মনিরুল করিমসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি পিকআপে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এক মাদক কারবারি চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় কোতোয়ালী থানাধীন লইট্টাঘাটা ৪ নম্বর ঘাটের প্রবেশমুখে মেরিনার্স রোডে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে তল্লাশির সময় কক্সবাজার থেকে আসা একটি রেজিস্ট্রেশনবিহীন নীল রঙের খোলা পিকআপকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় চালক গাড়ি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. আবুল কালাম (৩৮)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার বাসিন্দা।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে পিকআপটি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া ইয়াবার চালানটি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আবুল কালামের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ)/৪১/৩৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, নগরীতে মাদক পাচার ও কারবার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।