চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে বেসরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পার্কিং ব্যবস্থা, ড্রপিং বে, অনুমোদিত নকশা এবং ভবনের ব্যবহার যাচাইয়ে সরেজমিন পরিদর্শন চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। বৃহস্পতিবার চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে পার্কিং সংকট, অনুমোদিত নকশা লঙ্ঘন এবং অব্যবস্থাপনার চিত্র উঠে আসে।
পরিদর্শনকালে পার্কভিউ হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, ডেল্টা হাসপাতাল, ডক্টরস হাসপাতাল, চট্টগ্রাম গ্রামার স্কুলের চট্টেশ্বরী ক্যাম্পাস এবং চট্টগ্রাম আইডিয়াল হাই স্কুল ঘুরে দেখেন চউকের কর্মকর্তারা।
পরিদর্শনে দেখা যায়, পার্কভিউ হাসপাতালের অনুমোদিত নকশায় ২০ ফুট ড্রপিং বের কথা থাকলেও বাস্তবে তা প্রায় ১৫ ফুট। এছাড়া রোগীদের যানবাহনের জন্য নির্ধারিত পার্কিং এলাকায় সিলিন্ডার ও বিভিন্ন মালামাল সংরক্ষণ করা হচ্ছে। এসব সামগ্রী দ্রুত অপসারণের নির্দেশ দেওয়ার পাশাপাশি পার্কিং চিহ্ন, দিকনির্দেশনা এবং টোকেন ব্যবস্থা চালুর পরামর্শ দেয় চউক।
ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ পরিদর্শনের সময় অনুমোদিত নকশা দেখাতে পারেনি। আবাসিক প্লটে পরিচালিত হাসপাতালটির প্রয়োজনীয় অনুমোদন নিয়েও প্রশ্ন ওঠে। সেখানে পার্কিং ব্যবস্থাপনা অত্যন্ত সীমিত এবং পার্কিং এলাকাও বিভিন্ন সামগ্রী দিয়ে দখল করা অবস্থায় পাওয়া যায়।
ডেল্টা হাসপাতালের ক্ষেত্রেও অনিয়ম ধরা পড়ে। অনুমোদিত নকশায় ২০টি পার্কিং স্থানের উল্লেখ থাকলেও বাস্তবে মাত্র তিন থেকে চারটি পার্কিং ব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়া হাসপাতালটিতে কোনো ড্রপিং বে পাওয়া যায়নি।
ডক্টরস হাসপাতালেও পার্কিং সুবিধা ও ড্রপিং বে না থাকার বিষয়টি চিহ্নিত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পূর্বে অবহিত না করায় তারা অনুমোদিত নকশা উপস্থাপন করতে পারেনি। ভবনে প্রয়োজনীয় সেটব্যাকও সংরক্ষণ করা হয়নি।
চট্টগ্রাম গ্রামার স্কুলের চট্টেশ্বরী ক্যাম্পাসে অনুমোদিত নকশায় ২৬টি পার্কিং স্থানের উল্লেখ থাকলেও বাস্তবে মাত্র একটি পার্কিং পাওয়া যায়।
অন্যদিকে চট্টগ্রাম আইডিয়াল হাই স্কুলে পার্কিং এলাকায় স্কুলের নিজস্ব মাইক্রোবাস রাখা অবস্থায় দেখা যায়। এ সময় ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে স্কুল বাসের সংখ্যা বাড়ানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করার পরামর্শ দেয় চউক।
পরিদর্শন শেষে চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “সব প্রতিষ্ঠানকে এক মাস সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে পার্কিং ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে যানজট সহনীয় পর্যায়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে নিজস্ব স্কুল বাস চালু করতে হবে এবং প্রয়োজনে উপযুক্ত স্থানে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের উদ্যোগ নিতে হবে।
চউক চেয়ারম্যান জানান, হাসপাতাল মালিক, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে শিগগিরই একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, “এই শহরকে বাসযোগ্য রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”