কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গত বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে টেকনাফ থানার নাইট্যংপাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোবাইল ফোন, মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি এবং একজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে টেকনাফ থানার কেরুনতলী এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ভ্যানসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, দ্বিতীয় অভিযানে আটক ব্যক্তি এবং জব্দ করা আলামতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রাখবে।”