বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নাশকতার পরিকল্পনাকারী গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নাশকতার পরিকল্পনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলশী থানার আমবাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি মো. শাহীন (৩৪)। তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও (অজি বাড়ী) এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকার সিরাজ মিয়ার বাড়িতে বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় শাহীনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ দাবি করেছে, উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে শাহীন বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এ ঘটনায় খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।