চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি মাদ্রাসার আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ও একটি মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মদ রমিজ উদ্দীনকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, ভুক্তভোগী শিশু বাঁশখালীর পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া এলাকার বাসিন্দা। প্রায় ছয় থেকে সাত মাস আগে সে স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানার নাজেরা বিভাগে ভর্তি হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ওই সময় থেকেই মাদ্রাসার প্রধান শিক্ষক শিশুটির ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সর্বশেষ গত ২৩ জুলাই বিকেলে ক্লাস শেষে অন্য শিক্ষার্থীরা মাঠে খেলতে গেলে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে মাদ্রাসার হেফজ বিভাগের দ্বিতীয় তলার একটি কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি করলে তার মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ২৯ জুলাই বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় মামলা দায়ের করেন।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার পলাতক প্রধান আসামি আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল-সংলগ্ন চায়না রোড এলাকার বৈরাগ এলাকায় অবস্থান করছেন। পরে সোমবার (৩ আগস্ট) দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।