চুয়েটে আসছে চট্টগ্রাম ওয়াসার পানির সংযোগ, সম্ভাব্য সংযোগস্থল পরিদর্শন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ চট্টগ্রাম ওয়াসার পানির সংযোগ প্রদানের কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যে সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্ভাব্য সংযোগস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং চট্টগ্রাম ওয়াসার প্রতিনিধিদল।

পরিদর্শনের আগে উপাচার্যের কার্যালয়ে চুয়েট ও চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পানির সংযোগ বাস্তবায়নের কারিগরি, অবকাঠামোগত এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন আসিফ, প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (পুর) মুহাম্মদ ফেরদৌসুল কবির, চট্টগ্রাম ওয়াসার মোহরা পানি শোধনাগারের নির্বাহী প্রকৌশলী সজীব বড়ুয়া এবং কর্ণফুলী পানি শোধনাগার-১-এর নির্বাহী প্রকৌশলী মো. ওমর ফারুক।

চুয়েট কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় অবস্থিত চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগার থেকে ক্যাম্পাসে পানির সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধান হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মতবিনিময় সভায় উভয় পক্ষ দ্রুত প্রকল্পের কাজ সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন। পাশাপাশি সংযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, চুয়েটে ওয়াসার পানির সংযোগ স্থাপনের দাবিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা দাবি জানিয়ে আসছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে ক্যাম্পাসের পানি সরবরাহ ব্যবস্থা আরও নির্ভরযোগ্য ও টেকসই হবে।