স্টিয়ারিং বিকল হয়ে চট্টগ্রাম বন্দরের চ্যানেলে দুর্ঘটনা, রিটেইনিং ওয়ালে আটকে এমভি সিএনসি ইউরেনাস

চট্টগ্রাম বন্দরের নৌচ্যানেলে চলাচলের সময় কারিগরি ত্রুটির কারণে স্টিয়ারিং বিকল হয়ে কন্টেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস (MV CNC URANUS) দুর্ঘটনার কবলে পড়েছে। তবে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমের ফলে নৌচ্যানেলে চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে বন্দরের চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর সূত্র জানায়, চ্যানেল দিয়ে চলাচলের সময় জাহাজটির স্টিয়ারিং হঠাৎ বিকল হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এটি প্রথমে ২ নম্বর রেড বয়ের সঙ্গে ধাক্কা খায়। পরে জাহাজটি চ্যানেলের পাশের রিটেইনিং ওয়ালে আটকে যায়।

ঘটনার সঙ্গে সঙ্গেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। বন্দরের টাগবোট কান্ডারী-৪কান্ডারী-১১ ঘটনাস্থলে পৌঁছে জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।

এদিকে, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষ ও সংস্থাগুলো সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নৌচ্যানেলে অন্য জাহাজ চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌচ্যানেল নিরাপদ ও উন্মুক্ত রয়েছে এবং জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, দুর্ঘটনার কারণ নিরূপণে প্রয়োজনীয় তদন্ত ও কারিগরি মূল্যায়নের উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতির অগ্রগতির বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।