বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নবজাতকের সুস্থ বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং মাতৃদুগ্ধ পান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. সৌনম বড়ুয়া, এমওডিসি ডা. মো. নুরুল হায়দার, এমওসিএস ডা. শিব্বির আহমেদ প্রিন্স, মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা থোয়াই নু মং মারমা, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন, হেলথ এডুকেটর প্রবীর মিত্র, হেলথ এডুকেটর কাজী মাসুদুল আলম, জেলা পাবলিক হেলথ নার্স নাসরিন আক্তার এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহ ইমরানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জন্মের পরপরই নবজাতককে শালদুধ (কলোস্ট্রাম) পান করানো শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানোর এবং এরপর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, মাতৃদুগ্ধ শিশুর জন্য সর্বোত্তম ও নিরাপদ খাদ্য। এটি শিশুর অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে মায়ের স্বাস্থ্য সুরক্ষাতেও মাতৃদুগ্ধ পান করানোর ইতিবাচক প্রভাব রয়েছে।
আলোচনা সভা শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।