চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসনাত মোহাম্মদ শওকত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) চট্টগ্রাম বিভাগের নেতারা।
সম্প্রতি সিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক হাজী শাহরিয়ার রুশিদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানায়। একই সঙ্গে ডেভিড ইমন ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সাক্ষাৎকালে আইএসপিএবি নেতারা বলেন, চট্টগ্রামের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন)-এর কার্যালয়ে সশস্ত্র হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রশংসার দাবিদার। তবে গ্রেপ্তার হওয়া আসামিরা যাতে জামিনে মুক্ত হয়ে পুনরায় ব্যবসায়ীদের হুমকি দিতে না পারে, সে জন্য দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।
আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক হাজী শাহরিয়ার রুশিদ বলেন,
“গ্রেপ্তারই চূড়ান্ত সমাধান নয়। ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপি যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসনীয়। এখন অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো ও ইন্টারনেট সেবার নিরাপত্তা নিশ্চিত করতে আইএসপিএবি সবসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
এ সময় সিএমপি কমিশনার হাসনাত মোহাম্মদ শওকত আলী বলেন, ডিজিটাল অবকাঠামো এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সবসময় তৎপর থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমানসহ আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।