চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা, রুবেল আহ্বায়ক ও রমিজ সদস্য সচিব

চট্টগ্রামে কর্মরত পেশাদার সংবাদকর্মীদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে দুই বছর আগে গঠিত কমিটি বিলুপ্ত করে ৯০ দিনের জন্য এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১ আগস্ট) রাতে সংগঠনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন, সাধারণ সম্পাদক নুরু আমিন খোকনসহ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে নিউজডে২৪-এর সম্পাদক মো. রুবেলকে আহ্বায়ক এবং দৈনিক সকালের সময়নিউজ ২১ বাংলা টিভি-এর চট্টগ্রাম প্রতিনিধি সাইফুদ্দিন রমিজকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটিতে দৈনিক আজকালের খবর-এর চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ শাকিল অর্থ সম্পাদক এবং সাফায়েত মোরশেদ, রিয়াজ উদ্দিন, রতন বড়ুয়াকামরুল সিফাত উল্লাহকে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনির্বাচিত আহ্বায়ক মো. রুবেল বলেন, সদস্যদের আস্থা ও মতামতের ভিত্তিতে অর্পিত দায়িত্ব সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করা হবে। গঠনতন্ত্র অনুসরণ করে আগামী ৯০ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আহ্বায়ক কমিটি সর্বাত্মক চেষ্টা করবে।

সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ বলেন, সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন গড়ে তোলাই তাদের লক্ষ্য। নির্বাচনী প্রক্রিয়া যাতে অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে আহ্বায়ক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। তিনি এ কাজে সংগঠনের সকল সদস্যের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।