কঠোর ও ধারাবাহিক শারীরিক প্রশিক্ষণের সমাপনী হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) দামপাড়াস্থ সিএমপি পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। প্যারেডে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) মো. মারেফুল করিম।
ড্রিলিং, মার্চিং, বিভিন্ন রেজিমেন্টাল ফরমেশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, ব্রাশ ও পারকাশন পরিবেশনা, কস্টিউম ডিসপ্লে, কালার গার্ড এবং ক্লোজ গার্ডসহ নানা কৌশলগত প্রদর্শনীতে অংশ নেন বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ কমিশনার সুশৃঙ্খল ও চৌকস পরিবেশনার জন্য অংশগ্রহণকারী সদস্যদের ধন্যবাদ জানান। তিনি সরকারি দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, জনগণকে উন্নত পুলিশি সেবা নিশ্চিত করতে কর্মকর্তা ও সদস্যদের দক্ষতা ও সক্ষমতা আরও বাড়াতে হবে। একই সঙ্গে আধুনিক পুলিশিংয়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।