বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন এমডি কমডোর ফজলার রহমান

সরকার বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর ফজলার রহমানকে প্রেষণে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে বর্তমান এমডি কমডোর মো. মাহমুদুল মালেককে প্রেষণ থেকে প্রত্যাহার করে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, কমডোর ফজলার রহমানকে প্রেষণে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. মাহমুদুল মালেককে দায়িত্ব থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।