হাটহাজারীতে রিহ্যাব সদস্য এস এম শহীদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য এস এম শহীদুল্লাহর ওপর সংঘবদ্ধ সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

রিহ্যাব জানায়, গত মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারা বটতল এলাকায় পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এস এম শহীদুল্লাহর ওপর হামলা চালায়। রাউজানের নিজ বাসভবনে ফেরার পথে ব্যক্তিগত প্রাইভেটকারে থাকা অবস্থায় তিনি এ হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে। গাড়ি থামানোর পর তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। আত্মরক্ষার্থে তিনি নিচু হয়ে বসে পড়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পরে গুলির শব্দে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এক বিবৃতিতে জানায়, একজন ব্যবসায়ী সংগঠনের দায়িত্বশীল সদস্যের ওপর এ ধরনের সশস্ত্র হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ পরিবেশ, উদ্যোক্তাদের নিরাপত্তা এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।

সংগঠনটি আরও জানায়, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যবসায়ী সমাজের মধ্যে ভয় ও অনিরাপত্তার পরিবেশ তৈরি করে, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কোনো সভ্য সমাজে এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়।

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের রিয়েল এস্টেট খাতের উদ্যোক্তা, বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার রহস্য উদ্ঘাটন করবে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনবে—এমন প্রত্যাশা করছে রিহ্যাব।

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি আরও জানায়, সন্ত্রাস, ভয়ভীতি কিংবা অস্ত্রের মুখে দেশের রিয়েল এস্টেট খাতের অগ্রযাত্রা থেমে থাকবে না। নিরাপদ ব্যবসায়িক পরিবেশ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।