শহীদ জিয়ার প্রথম সমাধিস্থলকে ঐতিহাসিক স্মৃতিসৌধে রূপ দেওয়া হবে: শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন। জেলা পরিষদের উদ্যোগে স্থানটি সংরক্ষণ, সংস্কার ও উন্নয়ন করে একটি মর্যাদাপূর্ণ ঐতিহাসিক স্মৃতিসৌধে রূপ দেওয়া হবে, যাতে নতুন প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পায়।

বুধবার (২৯ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি সেখানে নীরবতা পালন ও বিশেষ দোয়ায় অংশ নেন।

মাহবুবের রহমান শামীম বলেন, ১৯৮১ সালে চট্টগ্রামে হত্যাকাণ্ডের পর প্রথমে জিয়াউর রহমানকে রাঙ্গুনিয়ার এই স্থানে দাফন করা হয়েছিল। পরবর্তীতে তাঁর মরদেহ ঢাকায় জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে স্থানান্তর করা হলেও প্রথম সমাধিস্থলটি ইতিহাসের অংশ হিসেবে আজও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দীর্ঘদিন অবহেলায় থাকা এই ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদ একটি সমন্বিত মাস্টারপ্ল্যান গ্রহণ করবে। সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে এটিকে একটি নান্দনিক ও দর্শনীয় ঐতিহাসিক স্মৃতিসৌধে পরিণত করা হবে।

তিনি আরও বলেন, ইতিহাস কোনো ব্যক্তি, দল বা সরকারের সম্পত্তি নয়; এটি একটি জাতির সম্পদ। তাই এ ধরনের ঐতিহাসিক স্থান যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। এখানে গবেষক, শিক্ষার্থী ও ইতিহাস-অনুসন্ধানীদের জন্য তথ্যসমৃদ্ধ পরিবেশ গড়ে তোলা গেলে ভবিষ্যৎ প্রজন্ম দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বাস্তব ধারণা লাভ করবে।

মাহবুবের রহমান শামীম বলেন, দীর্ঘদিন নানা কারণে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের জন্য এই স্থানে অবাধে আসার সুযোগ ছিল না। বর্তমানে মানুষ আবারও এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন, যা স্থানটির প্রতি জনগণের আবেগ, ঐতিহাসিক গুরুত্ব এবং সম্মানের বহিঃপ্রকাশ।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী আব্বাস, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর কুতুব উদ্দীন বাহার, সাবেক সভাপতি শওকত আলী নূর, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রহমান, সদস্য নাজমুল মোস্তফা আমিন, মোস্তাফিজুর রহমান, মেজবাহ উদ্দীন জাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রকৌশলী মেজবাহ উদ্দীন রাজু, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম, সাধারণ সম্পাদক এস. এ. মুরাদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সম্পাদক আলম খান, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ফিরোজসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।