ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টায় সাগরিকা পুলিশ লাইন্স মাঠে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম। এ সময় তিনি শারীরিক ফিটনেস ও টার্নআউটের ভিত্তিতে শ্রেষ্ঠ পারফর্ম করা অফিসার ও সদস্যদের পুরস্কৃত করেন।

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার আরাফাতুন নূর বাঁধন।

প্যারেড শেষে পুলিশ সুপার মাহমুদা বেগম অফিসার ও সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সর্বদা পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন।

পরে মাস্টার প্যারেডের অংশ হিসেবে পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩-এর বিভিন্ন যানবাহন ও সাগরিকা ইপিজেড ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।