ইয়েমেনের হুতিরা হরমুজ প্রণালিতে ইরানের কৌশল অনুকরণ করে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়েছে।আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জৌবা এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, হুতিরাইরানি মডেল অনুকরণ করতে চায়, আর এর ফলে দুটি প্রধান প্রণালি—উপসাগর ও লোহিত সাগরের প্রবেশদ্বার—বন্ধ হয়ে যাবে।
সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইয়েমেনি দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আল-জৌবা বলেন, ইরান-সমর্থিত হুতিরা এই অঞ্চলে তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অপর্যাপ্ত প্রতিক্রিয়ার কারণে আরও উৎসাহিত হয়েছে।
বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগর এবং বিস্তৃত ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। আর হরমুজ প্রণালির মতোই, বৈশ্বিক অর্থনীতির একটি উল্লেখযোগ্য অংশ এই প্রণালি দিয়ে নির্বিঘ্নে সামুদ্রিক চলাচলের ওপর নির্ভরশীল।
বিশ্বের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৩০ শতাংশ লোহিত সাগর দিয়ে অতিক্রম করে এবং সামগ্রিক বৈশ্বিক বাণিজ্যের ১২ থেকে ১৫ শতাংশ এই পথের ওপর নির্ভরশীল।
ইয়েমেনের ভৌগোলিক অবস্থান এমন যে, দেশটির পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, সে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী নৌযানের ওপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারবে।
তথ্য-উপাত্ত ইঙ্গিত দিচ্ছে যে, লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ইতোমধ্যেই কমে যাচ্ছে; রোববার সেখানে মাত্র ১১টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। সম্প্রতি ওই অঞ্চলে বিশেষ করে সৌদির সঙ্গে হুতিদের উত্তেজনা বেড়েছে। ঠিক এমন সময়ে এই মন্তব্য করলেনআল-জৌবা