চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় সোমবার (২৭ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বর্তমানে চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চুয়েট শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক, একাডেমিক ও নীতিনির্ধারণী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকৌশল সংগঠনের ফেলো ও সদস্য।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সায়েম বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।
১৯৮০ সালের ২৬ অক্টোবর চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক ড. সায়েম। তার বাবা মরহুম হাজী মুহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক উপ-কর কর্মকর্তা ছিলেন। মা হাজী চেমন আরা বেগম।
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর ২০০৫ সালে একই বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ প্রায় ২২ বছর ধরে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত রয়েছেন। স্টেম অ্যান্ড ইনোভেশন, পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি, ডি-কার্বোনাইজেশন, গ্রিন হাইড্রোজেন উৎপাদন ও সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, এনার্জি কনভার্সন সিস্টেম, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, বায়োফুয়েল এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে তার গবেষণা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
উচ্চশিক্ষার জন্য তিনি জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার সিকিউ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি শেষে অস্ট্রেলিয়ার একটি খ্যাতনামা মাইনিং কোম্পানিতে মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজের সুযোগ পেলেও তিনি দেশে ফিরে চুয়েটে শিক্ষকতায় যোগ দেন।
নিয়োগের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. সায়েম বলেন, বিদেশে থেকে হয়তো ব্যক্তিগতভাবে অনেক কিছু অর্জন করা সম্ভব ছিল। তবে নিজের বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। উপাচার্য হিসেবে নতুন দায়িত্ব নিয়ে চুয়েটকে আরও এগিয়ে নিতে চাই। এ জন্য চুয়েট পরিবারের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।’