নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময় প্রায় ১৭ লাখ টাকার ইউরিয়া সার ও কৃষিপণ্যসহ ছয়জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৯ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল জব্দ করা হয়।
এ সময় পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট জব্দের পাশাপাশি ছয়জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মালামাল, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও সীমান্তপথে পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।