হারানো মোবাইল ফোন উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন জালিয়াতি, সাইবার অপরাধ এবং মানব পাচারবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ৫৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), চট্টগ্রাম।
বুধবার (২৯ জুলাই) ৯ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
এ সময় তিনি বলেন, ২০২২ সালের ডিসেম্বর থেকে ৯ এপিবিএন, চট্টগ্রাম হারানো মোবাইল ফোন উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ এবং মানব পাচারবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করে আসছে। এ কার্যক্রমের মাধ্যমে ইউনিটটি ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও ৯ এপিবিএনের সাইবার ইউনিট সাইবার অপরাধ দমন, জঙ্গিবাদ প্রতিরোধ এবং মানব পাচারবিরোধী অভিযান আরও জোরদার করবে। একই সঙ্গে সাধারণ মানুষকে অনলাইন প্রতারণা ও সাইবার জালিয়াতি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
৯ এপিবিএন জানিয়েছে, প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলা এবং সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।