বাঁশখালীতে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত টেকসই পুনর্বাসনের আশ্বাস

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর টেকসই পুনর্বাসনের লক্ষ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

পরিদর্শনকালে তিনি বাহারছড়া ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বন্যাকবলিত এলাকাগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান অবস্থা, ক্ষয়ক্ষতি এবং প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে খোঁজখবর নেন।

জানা যায়, টানা ৭ থেকে ১০ দিন পানি জমে থাকায় এসব এলাকার মাটির তৈরি ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ঘর সম্পূর্ণ ধসে পড়েছে এবং বহু পরিবার এখনো ঝুঁকিপূর্ণ অর্ধভাঙা ঘরে বসবাস করছে।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের নতুন ঘর নির্মাণে তাদের চাহিদা, প্রয়োজনীয় উপকরণ এবং সম্ভাব্য নকশা সম্পর্কে মতামত নেন। পাশাপাশি স্থানীয় কাঠমিস্ত্রিদের সঙ্গে আলোচনা করে নির্মাণ ব্যয়, নির্মাণসামগ্রীর মান এবং ঘরের স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়েও দিকনির্দেশনা দেন, যাতে পুনর্বাসন কার্যক্রম বাস্তবসম্মত ও টেকসইভাবে বাস্তবায়ন করা যায়।

এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুনর্বাসন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ও অর্ধভাঙা ঘরে বসবাস করা অত্যন্ত দুঃখজনক। সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য নিরাপদ ও টেকসই নতুন ঘর নির্মাণ নিশ্চিত করা হবে।”

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।