চট্টগ্রামে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় অফিস, চট্টগ্রাম।

রোববার (২ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইয়ান ফেরদৌস ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

অভিযানে নগরীর ‘কুটুম্ববাড়ি হোটেল অ্যান্ড রেস্তোরাঁ, চট্টগ্রাম’-এ অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আকবরশাহ এলাকার ‘ওয়েল ফুড’-এ মেয়াদোত্তীর্ণ ফার্মেন্টেড মিল্ক পণ্য সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(৭)/৪১ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) অন্তর চৌধুরী এবং পরীক্ষক (মেট্রোলজি-ভৌত) প্রিময় মজকুরী জয় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।