চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নার্সিং শিক্ষকদের ‘Mastering Meeting’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের উদ্যোগে ‘Mastering Meeting: Planning, Execution & Documentation’ শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১৩টি নার্সিং কলেজের ৪৯ জন শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মশালায় সভার পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন, কার্যবিবরণী (মিনিটস) প্রস্তুত এবং বিভিন্ন দাপ্তরিক নথি সঠিকভাবে সংরক্ষণের কৌশল নিয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম। সভাপতিত্ব করেন বেসিক সায়েন্স অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব। প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডা. মেহেদী হাসান ইমাম।

কর্মশালায় বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সঠিক পদ্ধতিতে সভা পরিচালনা এবং সিদ্ধান্তসমূহ যথাযথভাবে নথিভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ সভা ব্যবস্থাপনা প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তোলে।

তারা আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ অধিভুক্ত নার্সিং কলেজগুলোর শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের দাপ্তরিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষক প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।