ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং গজনিখ্যাত খলনায়ক প্রদীপ রাওয়াত আর নেই। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুর খবর তাঁর ম্যানেজার নিশ্চিত করেছেন।
অসুস্থ অবস্থায় প্রথমে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে তাকে ভিওয়ান্ডির একটি ক্যান্সার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রদীপ রাওয়াত হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম চলচ্চিত্রে তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন। ২০০৫ সালের তামিল চলচ্চিত্র গজনি-তে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ২০০৮ সালে আমির খান অভিনীত হিন্দি রিমেক গজনি-তেও একই চরিত্রে অভিনয় করেন।
এর আগে ২০০১ সালের লগান চলচ্চিত্রে আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া বি. আর. চোপড়ার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক মহাভারত-এ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি লাভ করেন। যদিও ১৯৮৫ সালে মেরি জং চলচ্চিত্রের মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়েছিল।
অভিনয়জীবনে তিনি সরফরোশ, দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই, স্টালিন, বীরম, লৌক্যম, নেনু সাইলাজা, সররাইনোডু, নেনে রাজু নেনে মন্ত্রী, আয়িরাথিল ইরুভার, মার্কেট রাজা এমবিবিএস এবং মিস ম্যাচসহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তেলুগু চলচ্চিত্রে তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল এস. এস. রাজামৌলি পরিচালিত সিয়ে ।
ভারতীয় চলচ্চিত্রে শক্তিশালী খলনায়ক চরিত্রের জন্য পরিচিত প্রদীপ রাওয়াতের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।