দীর্ঘদিনের প্রত্যাশার পর গাজীপুরের কালীগঞ্জ থেকে রাজধানীর গুলিস্তান পর্যন্ত KTL (কালীগঞ্জ ট্রান্সপোর্ট লিমিটেড) বাস সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) কালীগঞ্জ পৌরসভার দুয়াপাড়া ফেরিঘাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস সার্ভিসটির উদ্বোধন করেন গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়া) আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান মিন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এ. কে. এম. ফজলুল হক মিলন বলেন, মহাসড়কে অবৈধ তিন চাকার যানবাহনের বিকল্প হিসেবে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতেই KTL বাস সার্ভিস চালু করা হয়েছে। তিনি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জানানো হয়, KTL (কালীগঞ্জ ট্রান্সপোর্ট লিমিটেড)-এর বাস কালীগঞ্জের দুয়াপাড়া ফেরিঘাট থেকে পুবাইল, টঙ্গী, বিমানবন্দর (এয়ারপোর্ট) হয়ে এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সরাসরি গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। প্রাথমিকভাবে এ রুটে ২০টি বাস চলবে এবং যাত্রীসংখ্যা বৃদ্ধি পেলে আরও বাস যুক্ত করা হবে।
স্বাগত বক্তব্যে KTL-এর চেয়ারম্যান সাদ্দাম হোসেন মোড়ল প্রতিষ্ঠাতা ও তাঁর বাবা মরহুম মোস্তফা মোড়লকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, কালীগঞ্জবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই পুনরায় KTL বাস সার্ভিস চালু করা হয়েছে। যাত্রীদের উন্নত সেবা দিতে সর্বাত্মক চেষ্টা করা হবে এবং এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। দীর্ঘদিন পর কালীগঞ্জ থেকে রাজধানীতে সরাসরি বাস চলাচল শুরু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। স্থানীয়দের আশা, এই সেবা নিয়মিত চালু থাকলে কালীগঞ্জের মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে।