বৃষ্টি উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশে নেতাকর্মীদের ঢল

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে অংশ নিয়েছেন হাজারো নেতাকর্মী ও সমর্থক।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের

সমাবেশ শুরুর সময় বৃষ্টি হলেও তাতে নেতাকর্মীদের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি। বৃষ্টি উপেক্ষা করেই বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।

সমাবেশস্থল এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটসংলগ্ন এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, কর্মসূচি শুরুর পরও বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারীরা সমাবেশে যোগ দিচ্ছেন।