১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা

সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী নিম্নআয়ের পরিবার ছয় মাস ধরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবকালীন সময়ে নিম্নআয়ের জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করতেই এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর আওতায় আগস্ট থেকে নভেম্বর এবং আগামী বছরের মার্চ ও এপ্রিল—এই ছয় মাস চাল বিতরণ করা হবে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি দূরীকরণ এবং বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নের লক্ষ্যে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টি চাল বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর জন্য সাধারণ চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া, সারা দেশে ১ হাজার ১০৮টি ওএমএস কেন্দ্র (দোকান ও ট্রাক) থেকে নিয়মিতভাবে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে দেশে অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ খাদ্য মজুত রয়েছে। ২ আগস্ট ২০২৬ পর্যন্ত সরকারি খাদ্য মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে রয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন চাল, ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন গম এবং ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন ধান, যা চালে রূপান্তর করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের আশা, এ কর্মসূচি নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।