ন্যাশনাল গ্রিন মিশন’ বাস্তবায়নে রেলওয়ের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কমলাপুর স্টেশনে গাছ লাগানোর পাশাপাশি ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সরকার ঘোষিত ‘ন্যাশনাল গ্রিন মিশন’-এর আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে অগ্রাধিকারভিত্তিতে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। পরিবেশ সংরক্ষণ, বন ও বন্যপ্রাণী রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে রেলওয়ের বিভিন্ন স্থাপনায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) এবং বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক কমিশনার জনাব মো. সুবক্তগীন।
এ সময় কমলাপুর রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সম্ভাব্য মশার প্রজননস্থল ধ্বংস, আগাছা ও আবর্জনা অপসারণ এবং স্টেশন এলাকাকে পরিচ্ছন্ন রাখতে বিশেষ অভিযান পরিচালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে, ঢাকার বিভাগীয় ব্যবস্থাপক, ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার, বাংলাদেশ স্কাউটসের স্কাউট লিডারবৃন্দ এবং বিপুলসংখ্যক রোভার স্কাউট ও স্কাউট সদস্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা গেলে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
তারা আরও বলেন, সরকারের ‘ন্যাশনাল গ্রিন মিশন’ শুধু বৃক্ষরোপণের কর্মসূচি নয়; এটি একটি পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ বিনির্মাণের জাতীয় অঙ্গীকার। এ কর্মসূচি সফল করতে বাংলাদেশ রেলওয়ে ভবিষ্যতেও বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করবে।