মধুপুরে তিন প্রতিষ্ঠানে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাউফুলা ও কাইতকাই এলাকায় এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার ওয়ান অ্যান্ড মেজারমেন্ট স্ট্যান্ডার্ডস অ্যাক্ট এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এই অর্থদণ্ড দেওয়া হয়।

‎অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। তিনি তিনটি পৃথক মামলায় এই জরিমানা আদায় করেন।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর বিধিমালা অমান্য করায় পৌর শহরের কাইতকাই এলাকায় অবস্থিত ‘সালাম অটো রাইস মিল’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

‎এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা অঞ্চলের দুটি বেকারিকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ‘আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’কে ২০ হাজার টাকা এবং ‘মানিক বেকারি’কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত পুরো অর্থ নিয়ম অনুযায়ী তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

‎অভিযান চলাকালে মধুপুর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে।

‎সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন জানান, বাজারে পণ্যের সঠিক ওজন ও গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ক্রেতাদের অধিকার রক্ষায় প্রশাসনের এই ধরনের জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।