ধর্মমন্ত্রী কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দেশবাসীর কাছে দোয়া কামনা

 

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ)-এর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন। সম্প্রতি প্রকাশিত একটি ছবিতেও তাকে আগের তুলনায় অনেকটাই সুস্থ ও স্বাভাবিক দেখা গেছে।
বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচারের পর গত কয়েক দিন ধরে তিনি চিকিৎসা ও নিয়মিত ফিজিওথেরাপি গ্রহণ করছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার সুস্থতার অগ্রগতি সন্তোষজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে, ধর্মমন্ত্রী কায়কোবাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী, নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবারের আশা, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকলে তিনি শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরতে পারবেন।