কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবা এনে চট্টগ্রামে পাচারের সময় কথিত একটি বাইকার গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ১ লাখ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল প্রায় ১১টা ২০ মিনিটে চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি বাইকার গ্যাং কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম মহানগরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে পটিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করেন র্যাব সদস্যরা।
একপর্যায়ে পাঁচটি মোটরসাইকেলে করে ছয় ব্যক্তি সেখানে পৌঁছালে তাদের থামিয়ে তল্লাশি চালানো হয়। মোটরসাইকেলগুলোর বক্সে রাখা কাঁধের ব্যাগে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আনুমানিক ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) এবং মো. হোসেন (৩৭)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে আসছিল বলে জানা গেছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।