পতিত সরকার পরিকল্পিতভাবে তরুণদের মাদকের দিকে ঠেলে দিয়ে গেছে

শিক্ষা, স্বাস্থ্য ও যুবসমাজকে দুর্বল করতে পতিত সরকার পরিকল্পিতভাবে তরুণদের মাদকের দিকে ঠেলে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (৮ আগস্ট) সকালে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, একটি দেশের উন্নয়নের জন্য শিক্ষিত, সুস্থ ও কর্মক্ষম যুবসমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিগত সময়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে দুর্বল করার পাশাপাশি তরুণ সমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়ার কারণে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষার মান-উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।

তরুণদের সমস্যা সমাধানের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না।

তাদের জ্ঞান, বিজ্ঞান, সৃজনশীলতা ও শারীরিক-মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করতে হবে।
অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

প্রসঙ্গত, ২০২৫-২৬ অর্থবছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় পাংশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল বেঞ্চ, লাইট, ফ্যান, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।