চুয়েট-মারডক ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ
যৌথ গবেষণা ও ডক্টোরাল প্রোগ্রাম চালুর সম্ভাবনা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (MoU) সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় চুয়েটের সিন্ডিকেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকরা অংশ নেন।
সভায় চুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর, একই বিভাগের অধ্যাপক ড. কৌশিক দেব এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম।
মারডক ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনার্জির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি. এম. শফিউল্লাহ, স্কুল অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. ফেরদৌস সোহেল এবং ইন-কান্ট্রি ম্যানেজার জাসদীপ সান্ধু।
মতবিনিময় সভায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যৌথ গবেষণা কার্যক্রম এবং যৌথ ডক্টোরাল প্রোগ্রাম চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
চুয়েট কর্তৃপক্ষ জানায়, প্রস্তাবিত সমঝোতা স্মারক সম্পাদিত হলে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের মধ্যে যৌথ গবেষণার সুযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতে যৌথ ডক্টোরাল প্রোগ্রাম চালুর পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।