আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় জুটি নিশো–তমা

এক জুটির রসায়ন যখন দর্শকের মনে দাগ কাটে, তখন পর্দায় তাদের ফেরার খবরই হয়ে ওঠে বড় আকর্ষণ। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র সাফল্যের পর আবারও সেই চেনা জুটিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। নতুন সিনেমায় ফিরছেন আফরান নিশো ও তমা মির্জা— এমন খবর ছড়িয়ে পড়েছে চলচ্চিত্র অঙ্গনে। দুর্গাপূজাকে সামনে রেখে নির্মিত হতে যাওয়া এই সিনেমা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।

ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি। একাধিক সূত্র জানিয়েছে, সিনেমাটি পরিচালনা করবেন ভিকি জাহেদ। এটি হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

জানা গেছে, চলতি আগস্টেই নতুন সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে পারেন নিশো ও তমা। এর আগে প্রধান শিল্পীদের নিয়ে স্ক্রিপ্ট রিডিং সেশন হওয়ার কথা রয়েছে। এরপর ঢাকায় শুরু হবে শুটিং।

তবে নতুন সিনেমায় নিশো–তমার জুটি হওয়ার খবরটি অস্বীকার করেছেন নির্মাতা ভিকি জাহেদ। তিনি বলেন, এ ধরনের কোনো খবর সত্য নয়। বর্তমানে তিনি ‘পুলসিরাত’ সিনেমা নির্মাণ করছেন বলে জানান।

এর আগে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমা দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। নতুন সিনেমাতেও এই জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।