৭১’র পর ১টি গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করেছে আর ২৪’ পরবর্তী ১ টি গোষ্ঠী জুলাই বিক্রি করছে- – এমপি ফজলে হুদা
জাতীয় সংসদ সদস্য ফজলেহুদা বাবুল বলেছেন – ৭১ পরবর্তীতে একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করে চলেছে ,আর ২৪ পরবর্তীতে অন্য আর একটি গোষ্ঠী জুলাই বিক্রি করা শুরু করেছে । অথচ বিএনপি মুক্তিযোদ্ধার দল কিন্তু আমরা কোনদিন মুক্তিযুদ্ধের তকমা লাগিয়ে দেশ পরিচালনা করিনি ।
৫ আগস্ট বিকেলে মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা প্রদান কালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এমপি ফজলে হুদা দলীয় নেতাকর্মীদের স্মরণ করে দিয়ে আরো বলেন- ক্ষমতার লোভে রাজনীতি করার দরকার নাই ।ক্ষমতা আসে মহান আল্লাহ তায়ালার দরবার থেকে। আপনারা যারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা মাঠে চলে যান। মানুষের সেবা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে। কারণ আগামী স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ ও অত্যন্ত কঠিন হবে।
দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিকারীদের হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরো বলেন-জুলাই একক কোন ব্যক্তি বা গোষ্ঠীর নয় জুলাইয়ের সূত্রপাত হয়েছে ২০০৮ সাল থেকে ওই সময় থেকে ৫ আগস্ট পর্যন্ত শুধু বিএনপি’র ২২ হাজারের অধিক নেতাকর্মী গুম খুন হয়েছে এবং আপনাদের আমির সাহেব জুলাই পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কে গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করেছিলেন । তিনি তরুণদের উদ্দেশ্যে আরো বলেন কোটার ভিত্তিতে নয় মেধার ভিত্তিতেই চাকরি ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনাদের হতাশ হবার কোন কারণ নাই। ফ্যাসিবাদী সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারেই ভেঙ্গে রেখে গিয়েছিল । শিক্ষার মান উন্নয়নের জন্য তারেক রহমানের সরকার এ বছর বাজেট অধিবেশনে সর্বোচ্চ বরাদ্দ রেখেছেন। সংসদ সদস্য নতুন একটি দলকে ইঙ্গিত করে বলেন জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য আপনারা ধৈর্যের সাথে সহযোগিতা করেন এবং গঠনমূলক সমালোচনা করেন ,কিন্তু অসভ্যতা করবেন না। আপনারা তরুণ এবং নতুন এসেছেন রাজনীতিতে । দেশের ইতিহাস কি বলে দেখেন- মাওলানা ভাসানী থেকে শুরু করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত কোন রাজনীতিবিদ কোনদিন অসভ্যতা , অশ্রাব্য ও অশ্লীল কথা বলে রাজনীতি করেননি। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক ,শহীদ আস সবুরের বড় ভাই রিজওয়ানুল ইসলাম, মহাদেবপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম ,কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সজ্জাদ হোসেন সাজ্জাদ, এস এম হান্নান ,বৈষম্য বিরোধী ছাত্রনেতা আমিনুল ইসলাম ,জুলাই যোদ্ধা ফারুক হোসেন, আব্দুল্লাহ, বাংলাদেশ জামাতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, জুলাই যোদ্ধা রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সোমা রানী প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে সরকারি কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিন্তে আজিজ , এমপির প্রতিনিধি ও মহাদেবপুর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, ৯০ দশকের ছাত্রনেতা ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ। জুলাই দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেছে তার মধ্যে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা উল্লেখযোগ্য। উল্লেখ্য যে, আলোচনা সভা শেষে শহীদ জুলাই যোদ্ধা পরিবারের সদস্যদের , যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের এবং বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের পুরস্কৃত করা হয়েছে। এছাড়াও নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান সহ যুব সমাজকে মাদক ও প্রযুক্তির খারাপ দিক থেকে বিরত রাখার লক্ষ্যে ফুটবল প্রদান করেছেন প্রধান অতিথি এমপি ফজলে হুদা।