বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) পদে টাঙ্গাইলের মধুপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান মো. মমিনুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
গত ৪ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনের সভাপতি মো. পয়গাম আলী এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অধিকার, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে তার ওপর এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
নিয়োগপত্রে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনের শৃঙ্খলা ও স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনাও প্রদান করা হয়।
নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক মো. মমিনুল ইসলাম দায়িত্বপ্রাপ্তির প্রতিক্রিয়ায় বলেন, “বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের স্বার্থ সংরক্ষণ, তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সংশ্লিষ্ট মহলে তুলে ধরা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।
এদিকে মমিনুল ইসলামের এ পদে মনোনয়নের খবরে মধুপুর উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনপ্রতিনিধি মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ঢাকা বিভাগে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।