বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচিতে বহিরাগত ঠেকাতে গিয়ে মারামারিতে জড়িয়েছে ছাত্রদল-শিবির। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপাচার্য-প্রক্টরের সামনেই এই ঘটনা ঘটে।
জানা গেছে, স্বৈরাচার সরকার পতন উপলক্ষ্যে ছাত্রশিবিরের গৃহীত অদম্য জুলাই শীর্ষক র্যালি বেড় করে। র্যালিতে বহিরাগতদের নিয়ে করা হচ্ছে অভিযোগ তুলে তাতে বাধা দেন ছাত্রদল নেতারা। বাদানুবাদের এক পর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে লিপ্ত হন। পরে উপাচার্য ও প্রক্টরের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু বলেন, ‘আওয়ামী লীগের প্রেতাত্মারা জুলাইয়ের কর্মসূচিতে বাধা দিচ্ছেন। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। কিন্তু আমাদের শান্ত কর্মসূচি পণ্ড করতে সন্ত্রাসীর মতো ছাত্রদল বাধা দিয়েছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, ‘জুলাইয়ের কর্মসূচিতে শিবির বহিরাগতদের নিয়ে শোডাউন দিচ্ছিল। আমরা এর প্রতিবাদ করলে শিবিরই প্রথম আমাদের ওপর সশস্ত্র হামলা চালায়। জুলাই আন্দোলনের পর এ ধরনের হামলা আমরা প্রত্যাশা করি না। আমি এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি বেলাল হোসেন বললেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে আমরা এখানে এসেছি। ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান করেছি।’
এ বিষয়ে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।