সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চন্দনাইশ উপজেলার পশ্চিম হারলা এলাকার ১,৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে পশ্চিম হারলা এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মেয়রের ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে কাজ চলছে এবং এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। তাই দল-মত নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে হবে।
খাদ্যসহায়তার বিষয়ে তিনি বলেন, প্রয়োজনের তুলনায় চালের বরাদ্দ কম হলে অতিরিক্ত চালের ব্যবস্থা করা হবে। কোনো অসহায় পরিবার যেন খাদ্যসংকটে না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার হোসেন ইফতু। এতে দক্ষিণ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।