দুর্গম পাহাড়ে ডিবির অভিযান: ২ অস্ত্রধারী গ্রেপ্তার, উদ্ধার ৪ আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র

চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় গত ২৪ জুলাই দুপুরে পটিয়া থানার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

প্রতিকূল পরিবেশ ও সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে পরিচালিত এ অভিযানে মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩) নামে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইন্নারপাড়া এলাকায় দেলোয়ার হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ৬টি কিরিচ, ৫টি রামদা, ১টি দামাদা, ১টি লোহা কাটার এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা ২টি একনলা বন্দুক ও ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্ত করতে তদন্ত ও অভিযান চলমান রয়েছে। পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।