চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় র্যাব-৭ এর বিশেষ অভিযানে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ২৫ হাজার টাকা।
র্যাব-৭, চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে যাত্রীবেশে একটি বড় ইয়াবার চালান সিএনজিযোগে চট্টগ্রামের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টা ২৫ মিনিটে চন্দনাইশ উপজেলার উত্তর জোয়ারা এলাকার কাঞ্চননগর বাদামতল বদল ফকিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়।
এ সময় চট্টগ্রামগামী একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে কয়েকজন যাত্রী পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা মো. শাহ আলম (৩৬), মো. সেলিম (৪৫), সুপ্রীয়া গুপ্তা (৫৩), ছেনোয়ারা বেগম (৫৫) এবং ছফুরা বেগমকে (৫৫) আটক করেন।
তল্লাশির একপর্যায়ে আটক ব্যক্তিদের প্রত্যেকের শরীরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ হাজার ৯৫০ পিস করে মোট ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অধিক দামে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
র্যাব-৭ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।