মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও সারসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সন্দ্বীপ চ্যানেলসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন একটি ফিশিং বোট ও একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা সিমেন্ট ও ৩৮০ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ এবং ১০ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা মালামাল, পাচারে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।