সিভাসুতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের সমারম্ভ (ওরিয়েন্টেশন) অনুষ্ঠান শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

দুপুর আড়াইটায় আয়োজিত অনুষ্ঠানে সমারম্ভ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

সমারম্ভ বক্তা প্রফেসর ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম বলেন, “চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ প্রতিষ্ঠানের একাডেমিক সম্পর্ক রয়েছে। এখানকার শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছে। উচ্চশিক্ষার জন্য তোমরা সিভাসুতে ভর্তি হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছ।”

তিনি আরও বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। তোমরাও সিনিয়রদের পথ অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অগ্রযাত্রা সমুন্নত রাখবে বলে আমি আশা করি।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “শুধু সার্টিফিকেট অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় নয়, শিক্ষার্থীদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাও বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব।”

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিশাল জ্ঞানের জগতে চলার পথে কখনো হতাশ হওয়া যাবে না। প্রতিদিন নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে, সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং সব ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

উপাচার্য আরও বলেন, বর্তমান যুগের প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের অভ্যস্ত হতে হবে, তবে প্রযুক্তির নেতিবাচক প্রভাব থেকেও নিজেদের সুরক্ষিত রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ডিগ্রি অর্জনের পর দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল হক, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তার এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফয়সাল।

সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। চারটি অনুষদের চারজন নবীন শিক্ষার্থী অনুষ্ঠানে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক নাঈমা ফেরদৌসী হক ও ড. মেহের নাহিদ।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।