রাঙামাটিতে মেরামতের দুই দিন পর ভেঙে গেল সেতু!

রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ভেঙে গেল কাউখালী-রানীরহাট সড়কের একটি বেইলি সেতু। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ইটবোঝাই একটি ট্রাক সেতুর উপর উঠলে সেতুটি ভেঙে যায় এবং ট্রাকটি সেখানেই আটকে থাকে। এ কারণে কাউখালী উপজেলার সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গত শনিবারও সেতুটির একটি পাটাতন ভেঙে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। মেরামতের পর পুনরায় গত মঙ্গলবার যানবাহন চলাচল শুরু হয়েছিল।
স্থানীয়রা জানান, রাঙ্গুনিয়ার সেগুনবাগান, অতিরিক্ত ইটবোঝাই ভারী ট্রাক চলাচলের কারণে প্রতিনিয়ত এই বেইলি সেতুতে দুর্ঘটনা ঘটছে। পাঁচ টনের অধিক যানবাহন চলাচল সেতুতে নিষেধ থাকলেও কেউ এ নিয়ম মানছে না।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, এই সেতুর ওপর পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষেধ। কিন্তু ইটবোঝাই ভারী ট্রাকগুলো অগোচরে রাতের আধারে পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। আটকে যাওয়া ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ব্রিজটি মেরামত করা হবে। এ বেইলি সেতুটি কংক্রিট দিয়ে নির্মাণের জন্য ইতিমধ্যে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে।