হযরত এরশাদ উল্লাহ শাহ্ (রহ.) স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার কইশ্যাপাড়ায় অবস্থিত হযরত এরশাদ উল্লাহ শাহ্ (রহ.)-এর মাজার প্রাঙ্গণে হযরত এরশাদ উল্লাহ শাহ্ (রহ.) স্মৃতি ফাউন্ডেশন-এর আত্মপ্রকাশ উপলক্ষে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ফাউন্ডেশনের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে এবং অর্থ সচিব শাওন হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-উলামা, শিক্ষক, ব্যবসায়ী, ব্যাংকার, সমাজসেবী, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, মানবিক ও সেবামূলক সমাজ গড়ে তোলার লক্ষ্যেই ফাউন্ডেশনটি কাজ করবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আলোচনা শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মাঝে উন্নত জাতের বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং হযরত এরশাদ উল্লাহ শাহ্ (রহ.) স্মৃতি ফাউন্ডেশন-এর উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।